তরুণদের ড. ওয়াজেদের জীবন অনুসরণের আহ্বান স্পিকারের
পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন অনুসরণে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (৯ মে ২০২৩) নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি।
এসময় স্পিকার বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রথিতযশা একজন বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড. এম এ ওয়াজেদ মিয়া। তাই তরুণ প্রজন্মের উচিত ড. ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করা।
ড. শিরীন শারমিন আরো বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া মেধার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছেন। ওয়াজেদ মিয়া ছিলেন নিরহঙ্কারী ও বিনয়ী, এক কথায় অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী। সেই সঙ্গে অনুসরণীয় ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ পৌরসভার মেয়রসহ গণ্যমান্য ব্যক্তি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





